পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৭৬। ভূমিধ্বস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পার্বত্য এলাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
সোমবারের ভূমিকম্পে কারাকোরাম পর্বতমালার হিমবাহে ফাটল ধরায় বন্যা দেখা দিয়েছে। আফগানিস্তানের কুনার প্রদেশে চারদিন ধরে চলছে বৃষ্টি এবং শৈত্যপ্রবাহ।
সোয়াত উপত্যকার অধিবাসীরা জরুরি সরকারী সাহায্য দাবি করেছে। তীব্র শীত ও ভূমিধসের কারণে উদ্ধার কর্মীরা এখনও অনেক স্থানে যেতে পারেনি। এখনই বিমানযোগে ত্রাণ কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পাক-আফগান কর্তৃপক্ষ।
ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানের পাহাড়ী অঞ্চলে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নতুন ভূমিকম্পের আশংকায় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে শীত আর বৃষ্টি মাথায় নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছে।
আশংকা করা হচ্ছে, দুর্গম পার্বত্য অঞ্চলের হতাহতের প্রকৃত চিত্র পাওয়া গেলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।






