প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচ ব্যাঙ্গালুরুতে। শনিবার। সিরিজ শুরুর আগে যে ভারত অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি, সেই অস্ট্রেলিয়াই এখন এই ম্যাচে ‘ফেভারিট’!
এই মাঠে ভারত অস্ট্রেলিয়াকে একবার হারিয়েছে। দুটিতে জিতেছে অজিরা। আর বাকি দুটি ড্র হয়েছে।
ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়াম চেতেশ্বর পূজারার জন্য বিশেষ জায়গা। ২০১০ সালে এখানেই অভিষেক হয়েছিল পূজারার। সেদিনও প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে পূজারা নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। পরের ম্যাচ থেকে ফুল হয়ে ফুটতে থাকেন। সেই যে ভারতের তিন নম্বর পজিশনে যায়গা দখল করেছেন, আর ছাড়েননি। ভারত চাইবে শনিবারের ম্যাচেও ধারাবাহিক পূজারাকে দেখতে।
তবে ঘুরে দাঁড়াতে ভারতের মূল মন্ত্রটা জপতে হবে অধিনায়ক কোহলিকেই। সেইসঙ্গে বাকি ব্যাটসম্যানদেরও এগিয়ে আসতে হবে কাজের কাজী হয়ে। অশ্বিন-জাদেজাকেও জ্বলে উঠতে হবে। চাপটা থাকবে ইশান্ত-যাদবদের দিকেও। ভারতের জন্য তাই বহুমুখী পরীক্ষা।
তবে জিতেও নির্ভার না থাকা অস্ট্রেলিয়া অপরিবর্তিত দল নিয়েই নামাবে বলে জানিয়েছে। সেখানে ভারতের হার্দিক পাণ্ডের কাঁধে হালকা ইনজুরি রয়েছে। তার পরিবর্তে নতুন কাকে নামানো হয় সেটাই দেখার বিষয়।
অজিরা ৩৩৩ রানে জিতে সিরিজ শুরু করেছে। ম্যাচ শেষ হয়েছিল তৃতীয় দিনের চা বিরতির শুরুতেই। প্রথম ম্যাচের পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল উইকেট। আইসিসি পর্যন্ত ভারতকে নোটিশ দিয়ে ‘বাজে পিচ’ বানানোর কৈফিয়ত চেয়েছে।
দ্বিতীয় ম্যাচের আগেও উইকেট নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরেফিরে উইকেটের কথা উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে ব্যাঙ্গালুরুতে সুইং হবে। তবে সেটা নতুন বলে। দুদলই তাই পেস-স্পিনে ভারসাম্য রেখে লড়াইয়ে নামতে চাইবে।









