নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনের জন্য নতুন এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজ কেনার আদেশ বাতিলের মাধ্যমে সরকারি ব্যয় কমানোর ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার ৬ সপ্তাহ আগেই এক টুইটবার্তায় ট্রাম্প লিখেছেন, “ভবিষ্যত প্রেসিডেন্টদের জন্য একটা নতুন সেভেন ফোর সেভেন মডেলের প্লেন তৈরি করছে বোয়িং। কিন্তু তার খরচ নিয়ন্ত্রণের বাইরে, ৪শ’ কোটি ডলারেরও বেশি। অর্ডার বাতিল!”
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বোয়িংয়ের নতুন দু’টি বা তার বেশি উড়োজাহাজ তৈরির চুক্তি রয়েছে। সেগুলো ২০২৪ সাল থেকে চালু হওয়ার কথা। ট্রাম্পকে সেই প্লেনে চড়তে হলে অবশ্যই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জিততে হবে।
ডোনাল্ড ট্রাম্পের টুইটের পরপরই বোয়িংয়ের শেয়ারের দরপতন হয়। তবে দুপুর হতে না হতেই লোকসানের অনেকটাই পুষিয়ে নেয় প্রতিষ্ঠানটি।









