এশিয়া কাপ ফাইনালের টিকিট নিয়ে সর্বত্র হাহাকার থাকলেও এখন তা মিলছে বিভিন্ন ক্লাসিফাইড ওয়েবসাইট ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে।
সাধারণ গ্যালারি থেকে শুরু করে ভিআইপি গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে সেখানে, টাকার অঙ্কে মিললে যেকোনো সংখ্যার টিকিট সরবরাহ তাদের কাছে আছে বলে দাবি করেছে ওইসব বিক্রেতারা।
পরিচয় প্রকাশ না করে, চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ওইসব বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে জানা গেছে, এ সকল অবৈধ বিক্রেতার কাছে টিকিটের সংখ্যা কোনো সমস্যা নয়। চাহিদা মতো অর্থপ্রাপ্তি সাপেক্ষে যে কোন পরিমান ও যেকোনো গ্যালারিতে তারা টিকিট সরবরাহ করতে পারবে।
ব্যাংক কিংবা মিরপুরের রাস্তা জুড়ে শনিবার দিনভর টিকিটের জন্য চলেছে লঙ্কাকাণ্ড। বিক্রি শুরুর অল্পক্ষণের মধ্যেই টিকিট শেষ বলে ব্যাংক থেকে জানানো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিকিট নিতে আসা ক্রিকেট প্রেমিরা। সেখানেই টিকিট কালোবাজারির অভিযোগ তোলে ক্রিকেট প্রেমিরা।
কিন্তু বিকাল না ঘুরতেই পাল্টাতে থাকে চিত্র। বিভিন্ন ক্লাসিফাইড ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে টিকিট বিক্রির জন্য বিজ্ঞাপন আসতে শুরু করে।
একটি ক্লাসিফাইড ওয়েবসাইট থেকে মোবাইল ফোন নম্বরে (০১**৬৮৬৮***) যোগাযোগ করা হলে ওই অবৈধ বিক্রেতা বলেন, ‘টিকিট কোন সমস্যা না। তবে দাম একটু বেশি। গ্রান্ড স্ট্যান্ডের প্রতিটি টিকিট ১৫,০০০ টাকা। যদি আপনি দু’টা নিতে চান তাহলে আমি ২৫০০০ টাকায় ছেড়ে দিতে পারি।’
কিছুক্ষণ পরে আবারও ওই নম্বরে কথা বলে আরো বেশি সংখ্যক টিকিট (৮টি) কিনতে চাইলে ওই বিক্রেতা জানান, ‘আপনাকে ৮টা নর্থ-সাউথের টিকিট দিতে পারি। তবে গ্র্যান্ড স্ট্যান্ড হবে না।’ একটু অনুরোধ করতেই ওই বিক্রেতা ‘এক মিনিট পরে জানাচ্ছেন’ বলে লাইন কেটে দেন।
মিনিট ঘুরতে না ঘুরতেই ওই বিক্রেতা ফোন করে জানান, ‘সমস্যা নেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটই আছে। নগদ টাকায় বনানীতে এসে টিকিট সংগ্রহ করতে হবে।’
গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫,০০০ চাওয়া হলেও বিসিবি নির্ধারিত মূল্য ৩,০০০ টাকা। তা শুধুমাত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বিসিবি নির্ধারিত টিকিট কাউন্টার থেকে পাওয়ার কথা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে ঘুরে দেখা গেলো জমজমাট টিকিট কেনা-বেচার চিত্র। কে কোন গ্যালারির টিকিট কিনবে আর কে কোন গ্যালারিতে বিক্রি করবে, তা নিয়ে দীর্ঘসব আলাপচারিতা। যোগাযোগ আর দরদাম হচ্ছে ফেসবুক ‘ইনবক্স’ আর ফোনে।
বিক্রির বিজ্ঞাপন দেওয়া এক ব্যাক্তির ফোন নম্বরে। তিনি প্রতি ভিআইপি টিকিটের জন্য দাবি করলেন ১০,০০০ টাকা। পাঁচটি টিকিট এক সঙ্গে নেওয়া হলে ২,০০০ টাকা ছাড় দেওয়ারও কথাও জানালেন। তবে কোথায় টিকিট পেলেন, জিজ্ঞেসা করলে ফোনের লাইন কেটে দেন ওই ব্যাক্তি।
যদিও, ভিআইপি গ্যালারির প্রতিটি টিকিটের দাম ১,০০০ টাকা।
বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ব্যাংক ও বিসিবির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও, কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।






