জার্মানির ফুটবল দলের সেরা তারকাদের অবসর তালিকাটা দিন দিন লম্বা হচ্ছে। এবার সেই তালিকা নাম লেখালেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিলোস্লাভ ক্লোজ। মঙ্গলবার জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি।
তবে অবসর নিয়েই জার্মানি জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন ক্লোজ।
এই মুহূর্তে কোনো ক্লাব খেলছেন না তিনি। গত মরসুমেই লাজিওর সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে। তার পর আর কোনো ক্লাবে নাম লেখাননি। ৩৮ বছরের ক্লোজে এই মুহূর্তে প্রো লাইসেন্স কোর্স করছেন। তাই নিজের এক সময়ের কোচ জোয়াকিম লো’র পাশে থেকেই জাতীয় দলকে কোচিং করাবেন তিনি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।
অবসরের ঘোষণা দেয়ার পর ক্লোজ বলেন, ‘আমি দেশের হয়ে খেলাটা প্রতিমুহূর্তে উপভোগ করেছি। দারুণ সময় কাটিয়েছি, যেটা কখনো ভুলব না। এই অবসর নেওয়ার আগে অনেক ভেবেছি। কিন্তু এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার। কোচ হিসেবে নতুন জীবন শুরু করতে চাই।’
চারটি বিশ্বকাপে ক্লোজের মোট গোল সংখ্যা ১৬টি। গত বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলকে ১-৭ গোলে হারানোর ম্যাচে রেকর্ড ব্রেকিং ১৬তম গোলটি করেছিলেন তিনি। দেশের হয়ে ১৩৭টি ম্যাচে ৭১টি গোল রয়েছে তার।









