১৬ ডিসেম্বর বিজয় দিবসে গুগল প্লে স্টোরে আসছে মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্টফোন গেম ‘হিরোজ অব সেভেন্টিওয়ান’। গৌরবের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার গেমটি তৈরি করেছে দেশের গেমিং প্রতিষ্ঠান পোর্টব্লিস গেমস।
মুক্তিযুদ্ধের সত্যিকার পটভূমিতে নির্মিত হয়েছে শুটিং গেম ‘হিরোজ অব সেভেন্টিওয়ান’।
‘শামসু বাহিনী’ নামে মুক্তিবাহিনীর একটি গেরিলা দলের হয়ে গেমারকে ‘শনির চর’ এলাকায় পাকিস্তানের ঘাঁটিতে আক্রমণ চালাতে হবে। ঘাঁটিটি দখল করার মাধ্যমে শত্রুবাহিনীর প্রতিরক্ষায় চির ধরিয়ে মুক্তিযোদ্ধাদের বরিশাল ঢোকা সম্ভব করতে হবে।
গেমটির মূল চ্যালেঞ্জ অগ্রসরমান মুক্তিবাহিনীর জন্য ঘাঁটি আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া।
বিজয় মাসের এই সময়ে লাল-সবুজ আর বিজয় গৌরবের নানা অনুষঙ্গে সেজে উঠেছে রাজপথ, বাসা-বাড়ি, গাড়ি আর পোশাক। লাল-সবুজের উৎসবমুখর সময়ে প্রযুক্তি প্রেমী গেমারদের কষ্টার্জিত বিজয়ের আনন্দ দিতেই আসছে ‘হিরোজ অব সেভেন্টিওয়ান’।






