পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পাবর্ত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে রাষ্ট্রীয় শোক ঘোষণারও আহ্বান দলটির।
সোমাবার রাজধানীর গুলশান-১ এ ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় নিহতদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন অসহায় জীবন যাপন করছে। তার পরেও দুঃখজনক ভাবে সরকার কোনো রাষ্ট্রীয় সহায়তা প্রদান করেনি। এখনও এই অঞ্চলটিকে দুর্গত এলাকা ঘোষাণা করেনি।অবিলম্বে দুর্গত এলাকা ও রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি জানান তিনি।
বিএনপি নির্বাচন চায় উল্লেখ করে ফখরুল বলেন, আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র চাই বলেই লড়াই করছি, সংগ্রাম করছি। সেই গণতন্ত্র আওয়ামী লীগ সরকার হরণ করে নিয়ে গেছে। সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনব। আমরা মনে করি একমাত্র সুষ্ঠু, নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব।
চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় পাহাড় ধসে ১৬০ জনের প্রাণহানি ঘটেছে।








