সন্তানের সঙ্গে সময় কাটানো শুধু মায়ের দায়িত্ব? অনেক বাবা এমনটাই মনে করেন। সারা দিন অফিসের কাজে ক্লান্ত হয়ে ঘরে ফেরা বাবার সময় হয়ে ওঠে না নবজাতকের সঙ্গে সময় কাটানোর। কিন্তু জন্মের পর প্রথম কয়েক মাসে বাবার সঙ্গে গড়ে ওঠা সখ্যতা, সন্তানকে ভবিষ্যতে দ্রুত শিখতে সহায়তা করে। একটি গবেষণায় এমনটাই জানিয়েছেন গবেষকরা।
জানা গেছে, জন্মের পরের কয়েক মাস যেসব শিশু বাবার সঙ্গে প্রচুর সক্রিয় সময় কাটিয়েছে, দুই বছর বয়সে পৌঁছানোর পর তারা অন্য শিশুদের চেয়ে অনেক বেশি শিখতে পেরেছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, কিংস কলেজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির তিনটি দলের গবেষণায় এই তথ্য জানা গেছে।
রং এবং আকৃতি
গবেষণার উদ্দেশ্যে, তিন মাসের সন্তানদের সঙ্গে তিন মিনিট খেলতে দেওয়া হয়েছিল বাবাদেরকে। ফ্লোরে ম্যাট পেতে কোনো খেলনা ছাড়াই খেলার দৃশ্যগুলো ভিডিও করা হয়। এরপর শিশুর বয়স যখন দুই বছর হয়, তখন তাদেরকে বই পড়াতে বলা হয়েছিল বাবাদেরকে। সেই দৃশ্যগুলোও ভিডিও করা হয়েছিল। এরপর ভিডিওগুলো প্রশিক্ষিত গবেষকদের দিয়ে মূল্যায়ন করানো হয়। সন্তানের সঙ্গে বাবাদের যোগাযোগের দক্ষতার ওপর নির্ভর করে গ্রেডিং করেন গবেষকরা।
সেই শিশুদের বয়স যখন দুই বছর হয়, তখন তাদের জ্ঞানের বিকাশ পরীক্ষা করা হয়। পরীক্ষায় রঙ এবং আকৃতি চিনতে দেওয়া হয় শিশুদেরকে।
১২৮ জন বাবার তথ্য বিশ্লেষণ করার পর দেখা গেছে, যে বাবারা প্রথম তিন মাস সন্তানের সঙ্গে বেশি সক্রিয় সময় কাটিয়েছিলেন, তাদের সন্তানরা অন্যদের তুলনায় বেশি নম্বর পেয়েছে। যে বাবারা তাদের সন্তানদের সাথে প্রথম তিনমাস সময় কাটানো নিয়ে অবহেলা করেছেন, তাদের সন্তানরা পরীক্ষার ফলাফলে পিছিয়ে ছিল।
বই পড়া
কিংস কলেজের একজন গবেষক ভাহেস্ট শেঠা বলেন, ‘ আমরা দেখেছি যে, বই পড়ানোর সময় যে শিশুদের বাবা সংবেদনশীল এবং শান্ত ছিলেন, তাদের সন্তানরা দুই বছর বয়সে অন্য শিশুদের তুলনায় অনেক বেশি মনোযোগী, সমস্যা সমাধানে পটু এবং ভাষা ও সামাজিকতায় দক্ষতা দেখিয়েছে।’
শেঠা আরও বলেন, ‘এই গবেষণার উদ্দেশ্য ছিল শিশুর বেড়ে ওঠার সময় সন্তানের সঙ্গে বাবার যোগাযোগের ইতিবাচক দিকটা সবার সামনে তুলে ধরা।’
এই গবেষণার ফলাফল নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রকাশ করা তথ্যটি আরও চমকপ্রদ। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, যেই বাবারা আত্মবিশ্বাসী এবং সন্তানের বেড়ে ওঠায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, তাদের সন্তানরা টিনএজ বয়সে আচরণগত সমস্যায় কম ভোগে। বিবিসি।









