বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রিসেন্ট গ্রুপের সহযোগিতায় ঢাকায় হয়ে গেলো চিত্রাংকন উৎসব। লালমাটিয়ার নিউ কলোনি ক্রীড়াচক্র মাঠে সকালে ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাংকন উৎসবের ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের ওই আয়োজনে শতাধিক শিশু প্রিয় বাংলাদেশের ছবি আঁকায় অংশ নেয়।
শিশুদের সঙ্গে অনেক অভিভাবকরাও অংশ নেন ছবি আঁকায়।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম. এ. কাদের, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ১৯৭১ সালের কণ্ঠযোদ্ধা তারেক আলী, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা আলী মোহাম্মদ লিয়াকত।
মুক্তিযোদ্ধা আলী মোহাম্মদ লিয়াকত শিশুদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘরের পরিচালক তামান্না সেতু এবং সমাপনী বক্তব্য রাখেন বাতিঘরের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব।
উৎসবের শেষ পর্বে শিশুদের আঁকা ছবিগুলোর প্রদর্শনী আয়োজন করা হয়। শিশুদেরকে শুভেচ্ছা উপহার হিসেবে মুহাম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সারা দেশের ৯টি বিভাগীয় অঞ্চলে আলাদাভাবে আয়োজন করা উৎসবে শিশুদের আঁকা ছবিগুলোর ভেতর থেকে বাছাই করা সেরা ছবিগুলো নিয়ে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজধানীর গ্যালারি চিত্রকে দু’দিনের প্রদর্শনী করা হবে।






