‘আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর সবিশেষ গুরুত্ব প্রদান করছি। এ লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় শিশু নীতি, শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশে সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।
তিনি বলেন: দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শিশু। শিশুদের উন্নয়নকে জাতীয় পরিকল্পনা ও বাজেট কার্যক্রমের মূলধারায় নিয়ে আসার জন্য আমরা বিগত দুইটি অর্থবছর ধরে শিশু বাজেট প্রণয়ন করছি।
বর্তমান প্রেক্ষাপটে গবেষকরা অটিজমকে ‘অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার’ বলে আখ্যায়িত করেছেন। অটিজম কেন হয়, তার সুনির্দিষ্ট কোনো কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ, মস্তিষ্কের অস্বাভাবিক গঠন, বংশগতির অস্বাভাবিকতা থেকে এ সমস্যা হতে পারে বলে বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয়।
অটিজম শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শিক্ষাপদ্ধতি ভালো ফল দেয়। অটিজম শিশুদের যদি জটিল বিষয়কে সহজ-সরলভাবে ধাপে ধাপে উপস্থাপন করে শেখানো যায়, তবে তারা সহজে বুঝতে পারবে। শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে অটিজম শিশুদের শিক্ষাদান করা যেতে পারে। যোগাযোগ দক্ষতা বাড়ানোর মাধ্যমে অটিজম শিশুদের বিভিন্ন বিষয় শেখানো সম্ভব।
সামাজিক দক্ষতা অর্জন পদ্ধতির মাধ্যমেও অটিজম শিশুদের সামাজিক আচরণ শেখানো সম্ভব। অটিজম কোনো মানসিক রোগ নয়, তাই অটিজম শিশুদের সমাজের বোঝা মনে না করে বরং এসব শিশুকে যথাযথ পরিচর্যার মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব।
আবুল মাল আব্দুল মুহিত বলেন: ২০১৬-১৭ অর্থবছরে আমরা সাতটি মন্ত্রণালয়ের শিশু সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বিবেচনায় নিয়ে ‘বিকশিত শিশু: সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করি। এরই ধারাবাহিকতায় ১৩টি মন্ত্রণালয়/বিভাগের শিশু সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে এবারও একই শিরোনামে একটি পুস্তিকা উপস্থাপন করছি।









