শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’- চূড়ান্ত পর্ব ও মহোৎসব। এ পর্বে সেরা ছয় প্রতিযোগীর মাঝ থেকে নির্বাচিত হবেন শ্রেষ্ঠ প্রতিযোগী।
তবে প্রতিযোগিতা শেষ হলেও এসব বাংলাবিদের খুবই মিস করবেন অনুষ্ঠানের অন্যতম বিচারক সুবর্ণা মুস্তাফা। এমনটাই জানালেন চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে। বৃহস্পতিবার সেরা ছয় বাংলাবিদকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনুষ্ঠানের অন্যতম বিচারক সুবর্ণা মুস্তাফা ও সৌমিত্র শেখর।
পুরো প্রতিযোগিতায় কোন বিষয়টি খুব মিস করবেন এমন প্রশ্নের উত্তরে সুবর্ণা বলেন, ‘প্রতিযোগিতায় বাংলাবিদদের সঙ্গে কাটানো সময়গুলো আমি খুবই উপভোগ করেছি। তাই এই বাচ্চাদের আমি খুবই মিস করব।’
সেরা ছয় প্রতিযোগী হচ্ছেন, প্রতীক পনতীর্থ, সিরাজুল আরিফিন, সোয়েব সানিয়াদ খান, সমর্পণ বিশ্বাস, রাইসা সালসাবিল ও নুসরাত সায়েম।

প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুক্রবার চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে।
সাতটি বিভাগীয় শহরে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটির প্রথম ধাপ। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদ্রাসা কারিকুলামের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড সিক্স থেকে ও-লেভেল) ৩৫ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে শীর্ষ ৮০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ।
পরবর্তীতে সাহিত্য ও ব্যাকরণভিত্তিক প্রশ্ন, মজার বাগধারা, ছবির ধাঁধা, বাজানো পর্ব, উপস্থিত বক্তৃতা, সৃজনশীল লেখনী, সমসাময়িক ছবির ভুলসহ বৈচিত্র্যপূর্ণ নানা প্রতিযোগিতা নিয়ে সাজানো স্টুডিও রাউন্ড শেষ হয়।
এ বছরের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সেরা শিক্ষার্থী পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। ২য় ও ৩য় সেরা পাবেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া শীর্ষ দশের প্রত্যেকেই পাবেন ল্যাপটপ, বইয়ের আলমারি ও বইসহ মোট ৫০ হাজার টাকার মূল্যমানের পুরস্কার সামগ্রী।









