বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই যায় তাহলে টাইগার সমর্থকদের উদযাপনটা কেমন হবে তা সহজেই অনুমেয়। তবে জর্জ ডোবেল এক কাঠি সরেস। ক্রিকইনফোর এই উপস্থাপক কথা দিয়ে রেখেছেন বাংলাদেশ জিতলে বাঘের পোশাক পরে বাঘ সেজে বার্মিংহামের রাস্তায় নামবেন।
গ্রুপপর্বে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠেছে মাশরাফির দল।
তার একদিন বাদে ক্রিকইনফোর পোলাইট ইনকোয়ারিস নামক একটি অনুষ্ঠানে ক্রিকেট ভক্তদের টুইটের প্রশ্নের জবাব দেন জর্জ ডোবেল। সেখানে একজন প্রশ্ন রেখেছিলেন যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে পারে তবে জর্জ ডোবেল বাঘের পোশাক পরে বার্মিংহামের রাস্তায় নামবেন নামবেন কি না?
এমন প্রশ্নে ডোবেল প্রথমে হাসেন। পরে গম্ভীর স্বরে বলেন, ‘হ্যাঁ নামবো।’ সঙ্গে এটাও জানিয়ে দেন সেটা সমুদ্রে সৈকতে হওয়া ভালো। তাহলে কেউ কিছু মনে করবে না!









