আগামী দু’বছরের জন্য বাংলাদেশের সবগুলো হোম সিরিজের টাইটেল স্পন্সর হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ক্রিকেট সিরিজ দিয়েই নতুন করে যাত্রা শুরু হচ্ছে তাদের। তিন ম্যাচের এই সিরিজের টাইটেল ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের ‘রকেট’ প্রকল্প।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে থাকবে বাংলা লেখা।
২৫ সেপ্টেম্বর আফগানিস্তান সিরিজ শুরু। তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করতে সংবাদ সম্মেলন করে ক্রিকেট বোর্ড।
আগ্রহীদের ডাকা হয়েছিলো ঈদের আগেই। প্রায় ৯০টি প্রতিষ্ঠানের লড়াই শেষে দরদামে সবাইকে পেছনে ফেলে দু’বছরের জন্য স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।
বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, সর্বোচ্চ দরদামের পরেই ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামকে দু’বছরের জন্য টাইটেল স্পন্সর দেয়া হয়েছে।
বিসিবি পরিচালক আরও জানিয়েছেন, ম্যাচ প্রতি আগের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি দামে এবারের টাইটেল বিক্রি হয়েছে।
ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত একটি খেলা হতে যাচ্ছে যার টাইটেল স্পন্সরটি বাংলায় লেখা থাকবে। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টের টাইটেল স্পন্সরও ছিলো ডাচ-বাংলা ব্যাংক। এতো বছর পর আবারও ক্রিকেটে ফিরে এসে কৃতজ্ঞ তারা।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কে.এস. তাবরেজ বলেন, ‘রকেট’ একটি ছোট কিন্তু শ্রুতিমধুর শব্দ, যা আমাদের মোবাইল ব্যাংকিং সেবার স্পিরিট ও অ্যাকুরিসিকে বিনির্দিষ্ট করে।
বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, শুধু আফগানিস্তান সিরিজই নয়, আগামী দু’বছরে দেশে যতগুলো টুর্নামেন্ট বা সিরিজ হবে তার সবগুলোই ডাচ বাংলা যুক্ত থাকবে।
চুক্তি অনুযায়ী শুধু সিরিজের টাইটেলটাই নয়, গ্রাউন্ডস, স্ট্যাম্পস, সাইট স্ক্রিন, মিডওয়াল, বাউন্ডারি রৌপ, প্লেয়ার্স ডাগআউট, ট্রফি আনভেইলিং, অ্যাওয়ার্ড সিরোমনি এবং টিম বাস ব্র্যান্ডিংসহ সিরিজের প্রায় সব কাজই করবে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।









