বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপিন্সকে তাগিদ দিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক। এক চিঠিতে অর্থ উদ্ধারে সব ধরনের সহযোগিতা দিতে দেশটির প্রতি আহ্বান জানায় ফেড রিজার্ভ।
ফেডের তাগিদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষও অবগত বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
ফেব্রুয়ারির শুরুতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সঞ্চিত বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এর বেশিরভাগটাই শেষ পর্যন্ত গিয়েছিল ফিলিপিন্সের বিভিন্ন ক্যাসিনোতে। নানা পদক্ষেপের পর অল্প কিছু উদ্ধার হলেও বেশি ভাগ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার নানামুখী তদন্ত চলছে।
নিউ ইয়র্ক ফেডের পরামর্শক থমাস বাক্সটার গত ২৩ জুন ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক এলমোর ও’কাপুলীর কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
প্রতিবেদনে বলা হয়, ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন(আরসিবিসি) নথিতে দেখা যায় যেখানে অর্থ-স্থানান্তরের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করার কথা সেখানে ব্যক্তিগত নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
তবে গণমাধ্যমের প্রতিবেদন ও চিঠি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফেড রিজার্ভ। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকও কোনো মন্তব্য করেনি।
তদন্তকালীন ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকও। তবে এ বিবৃতিতে অর্থ উদ্ধারে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে আরসিবিসি।
অর্থ উদ্ধারের কাজের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আগামী সপ্তাহে ফিলিপিন্স যেতে পারেন বলে ওই বার্তা সংস্থাকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র।









