টসের বেশ আগেই শের-ই-বাংলা স্টেডিয়ামে ঝলমলিয়ে উঠলো রোদ। আগে ব্যাট করার জন্য উপযুক্ত আবহাওয়াই বলা যায়। এমন কন্ডিশনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠিয়েছে সফরকারীরা।
মুমিনুল হকের দল একাদশ সাজিয়েছে সাত ব্যাটসম্যান, দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরীর। ১৫ সদস্যের স্কোয়াডে থাকা আরেক পেসার হাসান মাহমুদ খেলছেন চট্টগ্রামে শনিবার থেকেই শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল।
টেস্টে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ হয়ে উঠেছিল। ঘরের মাঠে তারা পাত্তাই পেত না বাংলাদেশের কাছে। বাস্তবতা এখন ভিন্ন। সময় বদলে দিয়েছে অনেককিছুই। সাদা পোশাকে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়েও তাই বেড়েছে সতর্কতা।
জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ভাঙতে চায় হারের বৃত্ত। নতুন করে শুরুর ভাবনা মুমিনুল হকের দলের মাঝে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইবাদত হোসেন।









