ফ্রান্সের একটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় বড় কোন ক্ষতি হয়নি। ধোঁয়ায় আক্রান্ত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কোন নিউক্লিয়ার ঝুঁকি নেই’ এবং তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ারও আশঙ্কা নেই বলেও তারা নিশ্চিত করেছে।
ফ্ল্যামেনভিলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি কনটেনটিন উপদ্বীপের লা মাঞ্চেতে অবস্থিত। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টায় ফ্ল্যামেনভিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাওয়ার প্লান্টের কর্মকর্তারা জানান, প্ল্যান্টের মেশিন রুমে বিস্ফোরণটি ঘটে।
কৌশলগত কারণে ঘটনাটি গুরুত্বপূর্ণ হলেও তা কোন নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটাবে না বলে জানান আইন-শৃঙ্খলাবাহিনী পারফেক্ট’এর অফিস পরিচালক অলিভিয়ার মার্মিয়ন। তিনি বলেন, বিস্ফোরণটি নিউক্লিয়ার অঞ্চলের বাইরেই সংঘটিত হয়েছে। তবে জরুরি সেবা সংস্খার লোকজন সেখানে উপস্থিত রয়েছে।
এই প্ল্যান্ট পরিচালনা করা ইডিএফ এনার্জির তরফ থেকে কোন জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে ইন্ডেপেন্ডেন্ট।
পাওয়ার প্ল্যান্টটিতে ১৯৮০ সালে নির্মিত দুইটি রিয়েক্টর রয়েছে এবং তৃতীয়টি নির্মাণাধীন রয়েছে, যার পেছনে খরচ হয়েছে ১০.৫ বিলিয়ন ইউরো। ২০১৮ সাল থেকে যা কাজ শুরু করবে।
তবে তৃতীয় এই রিয়েক্টর স্থাপনের বিরুদ্ধে শতশত মানুষ বিক্ষোভ করেছিলো। তাই বেশ কয়েকবারই এর কাজ পিছিয়ে দিতে হয়।









