তানিম রহমান অংশু। নির্মাতা। মিউজিক ভিডিও, নাটক ও চলচ্চিত্র নির্মাণ করে হয়েছেন প্রশংসিত। চ্যানেল আই কার্যালয়ে কথা হয় এই নির্মাতার সঙ্গে। তিনি বর্তমান ব্যস্ততা, চলচ্চিত্র ভাবনা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে।
কেমন আছেন?
ভালো আছি।
মিউজিক ভিডিও নিয়ে এখন ব্যস্ততা কেমন?
হ্যাঁ, এই ব্যস্ততা তো লেগেই আছে। নভেম্বরের শেষের দিকে সুস্মিতা আনিসের একটা গান নিয়ে মিউজিক ভিডিও করবো। সেখানে মডেল থাকবে তানজিন তিশা। এছাড়া ইমরান, পড়শীকে নিয়েও কাজ করবো। এসব কাজ শ্রীঘ্রই শুরু হবে। এছাড়া হাবিবের কাজগুলো নিয়মিত করছি। হাবিবের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ গানের মিউজিক ভিডিওটি আমারই করা। বেশ হিট হয়েছিল মিউজিক ভিডিওটি।
হঠাৎ করে মিউজিক ভিডিওতে আগ্রহ কেন?
আসলে হঠাৎ নয়। আমার বাবা সুরকার ও সংগীতপরিচালক আনিসুর রহমান তনু। তাই পারিবারিকভাবে একটা গানের পরিবেশ পেয়েছি। আমার মনের মাঝেও সবসময় যেন মিউজিক খেলা করে। আর সেই মিউজিকের সাথে ভিডিও কেমন হতে পারে সেটাও সাথে সাথেই ভাবনা চলে আসে।
‘স্বপ্নবাড়ি’ ছবির কাজ কতদূর?
শুটিং শেষ। ডাবিং, এডিটিং এই কাজগুলো চলছে। আশা করছি এই ছবিটিও ফেব্রুয়ারির মাঝেই মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং আনিসুর রহমান মিলন। ভিলেন হিসেবে আছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া ফেব্রুয়ারির মাঝে মুক্তি পাবে আমার পরিচালিত আরেকটি ছবি ‘আদি’।
সামনে নতুন কোনো ছবির কাজ করতে যাচ্ছেন?
কথা চলছে। তবে এখনও কিছু ফাইনাল হয়নি। আশা করছি এই বিষয়গুলো নিয়ে সামনে আরও ডিটেইলস কথা বলতে পারবো।
সামনে মিউজিক নিয়ে কী পরিকল্পনা?
পরিকল্পনা নিয়ে বলতে হচ্ছে, সব জেনারেশনকে যেন ভালো এবং চাহিদামাফিক মিউজিক উপহার দিতে পারি। আসলে একটা জেনারেশন সন্তুষ্ট হলো বলেই সন্তুষ্ট, আমার ক্ষেত্রে বিষয়টা তেমন নয়।
অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ছবি: সাকিব উল ইসলাম









