বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারনন ফিল্যান্ডারকে পাচ্ছে না সাউথ আফ্রিকা। দলটির নতুন কোচ গিবসন বলছেন, এই সময় ফিল্যান্ডারের ফিটনেস ইস্যু তাকে ভাবাচ্ছে।
ঘরোয়া লিগে কেপ কোবরার হয়ে নাইটদের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলার কথা ছিল ফিল্যান্ডারের। কোবরার কোচ অ্যাশলে প্রিন্স নিশ্চিত করেছেন, ক্রিকেট সাউথ আফ্রিকার নির্দেশে তাকে দলে নেয়া হচ্ছে না।
ইংল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচ থেকে ফিল্যান্ডার মাঠে নামতে পারছে না। ওই সফরে খেলা ম্যাচগুলোতে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। টেস্ট সিরিজে ১৭৭ রান করার পাশাপাশি ২৩.৪ গড়ে ১০ উইকেট নেন।
বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর।
বাড়তি অনুশীলন করতে না চাওয়ার প্রবণতা আছে ফিল্যান্ডারের ভেতর। এ কারণে বিভিন্ন সময় সমালোচনার শিকার হয়েছেন প্রতিভাবান এই পেসার। ইংল্যান্ড সফরে তার শারীরিক ভাষা দেখে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছিলেন, ‘মাঠে থাকার জন্য ফিল্যান্ডার কি কোনও চেষ্টা করছে না?’
স্মিথের কথা তখন কেউ গুরুত্ব না দিলেও এখন বোঝা যাচ্ছে, ‘অলস’ ফিল্যান্ডার আসলেই অলস!









