দৌড় শেষে মনে হচ্ছিল আবারও সোনা জিততে চলেছেন বছরের সেরা টাইমিং করা নারী স্প্রিন্টার মারি-জোসে টা লৌউ। কিন্তু ফটো ফিনিশিংয়ে যেন বজ্র পড়ল আইভরি কোস্টের এই নারী দৌড়বিদের মাথায়। দেখা গেল টা লৌউকে ০.০১ সেকেন্ডের ব্যবধানে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম মানবীর খেতাব নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টোরি বাউয়ি।
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রোববার রাতে নারীদের ১০০মিটার স্প্রিন্টে সেরা হতে ১০.৮৫ সময় নিয়েছেন টোরি বাউয়ি। আর টা লৌউ ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ডাচ নারী স্প্রিন্টার ডিফানে সিফারসের গলায় ঝুলেছে ব্রোঞ্জ। তার সময় ১০.৯৬ সেকেন্ড।
তবে সবচেয়ে বেশি হতাশ করেছেন এলাইনে থম্পসন। রিও অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটারের প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন এই জ্যামাইকান তারকা। চলতি বছরের সেরা টাইমিংটাও ছিল তার, ১০.৭১ সেকেন্ড। অথচ রোববার রাতে দৌড় শেষ করলেন ১০.৯৮ সেকেন্ডে!
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের কাছে সোনা হারিয়েছেন আরেক জ্যামাইকান বোল্ট। তাই ২০০৫ সালের পর এই প্রথম কোন প্রতিযোগিতায় ১০০ মিটারের ইভেন্টে স্বর্ণ জেতা হল না জ্যামাইকার।
দৌড়ে চিতার মত হলেও, মুখের কথায় ঠিক সাবলীল নন টোরি। সংবাদ মাধ্যমের সামনে লাজুক কণ্ঠে জানালেন কতটা ক্ষুধার্ত ছিলেন একটা পদকের জন্য, ‘জানি না কীভাবে দৌড় শেষ করলাম। মনে হচ্ছে একটা পদকের জন্য ক্ষুধার্ত ছিলাম। প্রতিজ্ঞা ছিল, মানসিকভাবে দৃঢ় ছিলাম। ব্যস।’
আর প্রত্যাশিত সোনা হারিয়ে কিছুটা হতাশ হলেও টা লৌউ খুশী যে অন্তত একটি পদক ঘরে নিয়ে যাচ্ছেন, ‘বিশ্বাস করুন, আমি টোরিকে দেখিইনি। তারপরও আমি খুশি একটা পদক তো জেতা হয়েছে!’









