বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে যুক্তরাজ্য থেকে আমদানি করা ‘ওডি আর ৮’ রেসিং কার বুধবার বনানীর একটি গ্যারেজ থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা বিভাগের ফেসবুক পেজে ওই গাড়ির ছবিসহ তথ্য প্রকাশ করা হয়েছে।
শনিবার থেকেই নজরদারিতে ছিলো জি ব্লকের ৭ নং রোডের ভার্সাটাইল অটোমোবাইলে রাখা প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের রেজিস্ট্রেশনবিহীন গাড়িটি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে থাকা গাড়িটির কাগজপত্র যাচাই করতেই বেরিয়ে আসে সিসি, মডেল ও মূল্য তথ্য গোপন করে নিট শুল্ক প্রায় ৮.৫ কোটি টাকা ফাঁকি দেয়ার বিষয়টি। এক্ষেত্রে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
মংলা বন্দর দিয়ে ২০১৩ সালে ‘ওডি টিটি’ ২৫০০ সিসি হিসেবে ছাড় হওয়া গাড়িটি আসলে ‘ওডি আর ৮’, ৫২০০ সিসির। গাড়ির চেসিস নং WUAZZZ424CN000185। গাড়িটি ইউকে থেকে আমদানি করে ঢাকার তুরাগের অটো ওয়ান।

মংলা বন্দরের বিল অব এন্ট্রি ৩৪২৭, তারিখ ২৭.০৪.১৩- এর মাধ্যমে ৩২,৪৪১ মার্কিন ডলারের ( ২৫ লক্ষ ৪২ হাজার) উপর ৪৫১% শুল্ক দেয়া হয়। যেখানে প্রকৃত শুল্ক প্রযোজ্য হবে ১.৬২ লক্ষ ডলারের (১ কোটি ২৭ লক্ষ টাকা প্রায়) উপর ৮৪১%। এক্ষেত্রে শুল্ক আইনে অসত্য ঘোষণার অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।









