আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়াত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই স্মরণ সভা (ডেথ রেভারানস) অনুষ্ঠিত হয়। সভায় গোলাম আরিফ টিপুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার, প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার আলী, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ সিমন, ট্রাইব্যুনালে ডিফেন্স কাউন্সেল অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম ও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক।
অনুষ্ঠানে প্রয়াত গোলাম আরিফ টিপুর মেয়ে ডালিয়া নাসরিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৫ মার্চ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
গোলাম আরিফ টিপু ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গোলাম আরিফ টিপু ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলনকর্মী।
১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদকে ভূষিত করে।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।









