ধারাভাষ্যকারের গলা আড়াল করে একটি বাংলাদেশি সুর। স্লিপ অঞ্চল থেকে। মোস্তাফিজকে উদ্দেশ্য করে ইমরুল কায়েস বলছেন, ‘কামঅন, কিচ্ছু হয়নি।’ হলফ করে বলা যায় ইমরুল ওই কথা শুধু বলার জন্যই বলেছেন। টেস্টের প্রথমদিন প্রতিপক্ষ যখন ২৪ ওভারের ভেতর শতরান তুলে ফেলে, তখন তো ‘অনেক কিছুই’ হয়ে যাওয়ার কথা!
প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ১২৬। স্কোরবোর্ডের এই চিত্রটা ভয় ধরাচ্ছে না। চিন্তা বাড়ছে বোলারদের শরীরী ভাষা আর বৈচিত্র্যহীন ডেলিভারি দেখে। রুবেল সব শক্তি প্রয়োগ করেও বডিলাইনে বাউন্স খুঁজে পাচ্ছেন না। মোস্তাফিজ বার কয়েক চেষ্টা করে সেই কাটার আর স্লোয়ারে পথ খুঁজছেন।
একাদশে চার পরিবর্তন এনে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের ঘাসের উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক।
এখন পর্যন্ত বাংলাদেশকে ব্যর্থই বলতে হবে। টস জিতে বোলিং নেয়ার অর্থ হলো শুরুতে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া। মুশফিকের বোলাররা সেটা আর পারছেন কই! দলগত পরিকল্পনা কতটা নড়বড়ে তা বোঝা গেল প্রথম ছয় ওভারে চারজন বোলারকে ব্যবহার করা দেখে!
আজ থেকে ঠিক আট বছরেরও বেশি সময় আগে সাউথ আফ্রিকার এই মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সেটা ছিল সফরের প্রথম টেস্ট। বাংলাদেশ ইনিংস এবং ১২৯ রানের ব্যবধানে হেরেছিল। এবার দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম টস জিতে একই সিদ্ধান্ত নিলেন। প্রথম টেস্টে এই কাজ করায় যাচ্ছেতাইভাবে হারতে হয়েছিল দলকে। ক্রিকেট-সঙ্গীতের ইঙ্গিত বলছে, এবারও তেমন কিছু!









