প্রথম সকালটা ভালোই কাটলো বাংলাদেশের। গলে দুই উইকেটের স্বস্তি নিয়ে লাঞ্চে গেছেন টাইগাররা। লঙ্কানদের স্কোর ৬১/২।
সকালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
মোস্তাফিজ আর তাসকিনকে দিয়ে শুরু করেন অধিনায়ক মুশফিক। উইকেটে ভালো পেস আছে। তাসকিন দুই ওভার করেন। আরেক দিকে মোস্তাফিজ নিয়মিত থাকলেও শুভাশিসকে যোগ করেন মুশি। আর তাতেই সাফল্য। নিজের প্রথম ওভারে দলকে উইকেট এনে দেন তিনি।
ঠিক পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন। কুশল মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি ‘নো’ ছিল।
দ্বিতীয় উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিমুথ করুনারত্নেকে (৩০) বোল্ড করেন তরুণ এই স্পিনার।
বাংলাদেশ এই শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৬ বার। যার মধ্যে ১৪টিতে জিতেছে লঙ্কানরা। দুটি ড্র।
সবশেষ লঙ্কাপাড়ে মুশফিকরা খেলতে যায় ২০১৩ সালে। সেবার প্রথম টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৬৩৮ রান করে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওই টেস্ট ‘ড্র’ হয়েছিল।









