নানা অনিয়ম সঙ্গী করে চট্টগ্রামে শুরু হলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। শুরুতে উদ্বোধনের আনুষ্ঠানিকতা না থাকলেও উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। পাকিস্তানের করাচি ইলেকট্রিককে তারা হারিয়েছে ৩-২ গোলে।
কথা ছিলো জমকালো উদ্বোধনের, সেটি তো হলোই না আনুষ্ঠানিকতা বাদ রেখেই এম এ আজিজ স্টেডিয়ামে নেমে পড়লো ঢাকা আবাহনী লিমিটেড আর পাকিস্তানের করাচি ইলেকট্রিক।
হাজার পাঁচেক দর্শকের উপস্থিতিতে প্রথম ম্যাচে শুরুতেই দাপট দেখায় আবাহনী। ২৩ মিনিটে স্পট কিকে আকাশী নীলদের লিড এনে দেন ডিফেন্ডার ওয়ালী ফয়সাল।
সাত মিনিট পর আবাহনী লিমিটেডের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান রিক্রুট সানডে চিজোবা।
দ্বিতীয়ার্ধে ৩০ মিনিটে এক গোল শোধ করে ফিরে আসার চেষ্টায় ছিলো করাচি। কিন্তু ২ মিনিট পর করাচির আত্মঘাতী আরেক গোলে জয় অনেকটাই হাতের মুঠোয় চলে আসে আবাহনীর।
শেষ বাঁশির মিনিট তিনেক আগে করাচি ইলেকট্রিক ক্লাব পেনাল্টি থেকে ইউনিসের গোলে ব্যবধান কমালে টেনশনে পড়ে যায় গ্যালারি। তবে শেষদিকে রক্ষণাত্মক হয়ে পড়া ঢাকা আবাহনী ৩-২’র জয় দিয়েই শুরু করে তাদের প্রতিষ্ঠাতার স্মরণে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।
দুই ম্যাচের বিরতিতে হয়েছে টুর্নামেন্ট উদ্বোধনের সাদামাটা আনুষ্ঠানিকতা। দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার জায়ান্ট ইস্ট বেঙ্গল ক্লাবের মুখোমুখি হবে হোস্ট চট্টগ্রাম আবাহনী।






