অস্ট্রেলিয়ান ওপেনে জয়রথেই আছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডেও তুলে নিয়েছেন জয়। জার্মান তারকা ইয়ানিক হ্যানফমানকে ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।
হট-ফেভারিট সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের না থাকার আসরে ফেভারিট হিসেবেই কোর্ট দাপাচ্ছেন নাদাল। মেলর্বোনে রড লেভার অ্যারেনায় ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নের পেছনে ছুটতে নেমে পেয়েছেন আসরের দ্বিতীয় জয়।
বুধবার অবশ্য জয় তুলতে ঘাম ঝরাতে হয়েছে নাদালকে। ২ ঘণ্টা ৪৩ মিনিট লড়াই করতে হয়েছে র্যাঙ্কিংয়ে ১২৬তম ইয়ানিকের বিপক্ষে। ম্যাচ শেষে জার্মান প্রতিপক্ষকে তাই ভয়ঙ্করই বলেছেন বিশ্ব টেনিস টেবিলের ৬ নম্বরে থাকা নাদাল।
‘কয়েক বছর আগে প্রথম রাউন্ডে রোলাঁ গারোঁর তার মুখোমুখি হয়েছিলাম। তখনই জেনেছি ইয়ানিক ভয়ঙ্কর। সে বড় শট নিতে পারে, ভালো সার্ভ করতে পারে, যথেষ্ট শক্তিশালী। সমর্থকরা আজ দেখেছে এখানে র্যাঙ্কিং কিছুই না। তাকে আগামীদিনের শুভেচ্ছা জানাই।’
হ্যানফমান প্রথম রাউন্ডে ভালো খেলার পর এদিনও দারুণ লড়াই করেছেন। নাদালকে একটা সময় পয়েন্ট তুলতে ২২ বার শট নিতে হয়েছে। যা তরুণ তারকাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে।









