ক্ষমতাচ্যুত সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট পার্ক জিউন হাই প্রেসিডেন্ট বাসভবন ছেড়ে যাওয়ার সময় তার পোষা কুকুরগুলোকে অযত্নে ফেলে রেখে যান বলে অভিযোগ তুলেছে দেশটির পশু অধিকার সংগঠনগুলো।
দুর্নীতির অভিযোগে পার্কের অভিসংশনের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানোর মধ্যেই পার্কের বিরুদ্ধে পোষা প্রাণীদের প্রতি অবহেলার বিষয়টি উঠে এলো।
গত সপ্তাহের শেষ দিকে পার্ক প্রেসিডেন্ট ভবন চেয়োং ওয়া দাই থেকে সিউলের অভিজাত এলাকায় নিজের বাসায় চলে যান। কিন্তু পোষা ৯টি জিনডো প্রজাতির কুকুরকে সঙ্গে নেননি তিনি।
প্রাণী অধিকার বিষয়ক সংগঠন বুসান কোরিয়া অ্যালায়েন্স ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (বুসান কাপকা) বলেছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাই কুকুরগুলোকে এভাবে ফেলে রেখে গিয়ে পশু নিরাপত্তা আইন লঙ্ঘন করে থাকতে পারেন।
কো-এক্সিস্টেন্স অব অ্যানিমেল রাইটস অন আর্থ (কেয়ার) নামের আরেকটি সংগঠনের সঙ্গে মিলে বুসান কাপকা কুকুরগুলোর জন্য নতুন ঘর খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে।
অবশ্য হাই- এর একজন মুখপাত্র এমন অভিযোগ অস্বীকার করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পার্ক কুকুরগুলোকে ফেলে যাননি। তিনি ওদের প্রেসিডেন্ট ভবনে রেখে গেছেন কারণ তিনি চাননি কুকুরগুলো তাদের ছোটবেলার আবাসস্থল থেকে দূরে চলে যাক।
‘তিনি (পার্ক জিউন) এখানকার কর্মীদের বলেছেন যেন কুকুরগুলোর ঠিকঠাক খেয়াল রাখা হয় এবং দরকার হলে কুকুরছানাগুলোর জন্য নতুন ভালো আবাস খোঁজা হয়।’
আগামী ৯ মে সাউথ কোরিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।









