কুড়িগ্রামের রৌমারী উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ৩ দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন উপজেলার রৌমারী, শৌলমারী, দাঁতভাঙ্গা ও যাদুর চর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ।
কাঁচাপাকা সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বসত ঘরে পানি ঢুকে যাওয়ায় খাবার সংকটে পড়েছে অনেক পরিবার। চারণ ভূমি ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যাকবলিতরা।
বন্যার পানিতে শাক-সবজি, মরিচ, কাউন, তিল ও পাটসহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ২১টি বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। জরুরি ভিত্তিতে বন্যাকবলিতদের জন্য শুকনো খাবার সরবরাহ করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা বাড়লেও এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।









