কর্ণফুলি নদী থেকে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি শোধন ক্ষমতাসম্পন্ন ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গার বোটক্লাব এলাকায় নতুন এ পানি শোধনাগার উদ্বোধন করে চট্টগ্রামবাসীকে পানি ও বিদ্যুতের অপচয় কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
পানি শোধনাগারটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিয়েছে জাইকা। ১৪ কোটি লিটারের এ পানি শোধানাগার নির্মাণের পরে বর্তমানে ৩৩ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হচ্ছে। ফলে দীর্ঘ দিন ধরে চট্টগ্রামে চলমান পানির সংকট কমবে বলেই আশা সবার।
চট্টগ্রামের অনেক সমস্যা ছিলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চট্টগ্রামের সমস্যার সমাধান হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের রাস্তাঘাটের অপরিচ্ছন্নতা ও দুরাবস্থা দেখে ক্ষোভ জানিয়ে, কেন এমন অবস্থা তা মেয়রের কাছে জানতে চান তিনি।
তিনি বলেন, অনুমোদন দেয়া হয়, টাকা দেয়া হয় কিন্তু কাজে কেন দেরী হয়? কাজ মান সম্মত করতে হবে, দ্রুত করতে হবে। ব্যতিক্রম হলে কাউকে ছাড়া হবে না।
বিমানবন্দর সড়কের বেহাল দশা দেখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।








