সত্তর দশকের সাড়া জাগানো চলচ্চিত্র ‘সুজন সখী’র ৩৫ মি.মি. একটি প্রিন্ট পাওয়া গেছে। গতকাল রোববার রাজধানীর মগবাজার এলাকার একজন সংগ্রাহকের কাছ থেকে সাদাকালো এই প্রিন্টটি পেয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চলচ্চিত্র সংগ্রাহক মো. ফখরুল আলম। দীর্ঘ দিন ‘সুজন সখী’ ছবির কোনো প্রিন্ট বা নেগেটিভ খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে, এখন ছবির এই প্রিন্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে।
‘সুজন সখী’ ছবিটি মুক্তি পায় ১৯৭৫ সালের ৬ অক্টোবর। ‘প্রমোদ কর’ ছদ্মনামে ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান। প্রযোজনা করেছে জনতা চিত্র প্রকল্প। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া এবং তাদের মিলনের গল্প তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। অভিনয় করেন ফারুক, কবরী, খান আতাউর রহমান, ইনাম আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবী, টেলিসামাদ প্রমুখ।
জানা যায়, গত শতকের নব্বই দশকের গোড়ার দিকে খান আতাউর রহমানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার সৌমেন বাবু ছবিটি বিক্রি করেন মিয়া আলাউদ্দিনের কাছে। তার কাছ থেকে ছবিটি বেটাকম ক্যাসেটে ক্রয় করেন মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ।









