দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত ১০টি চলচ্চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। আজ রোববার থেকে আগামী রোববার পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ রোববার বেলা ১১টায় ‘নিরন্তর’ ছবিরর মধ্য দিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে। বিকাল ৩টায় প্রদর্শিত হবে ‘আমার আছে জল’। এ ছাড়া মঙ্গলবার বেলা ১১টায় ‘নন্দিত নরকে’ ও ৩টায় ‘দারুচিনি দ্বীপ’, বুধবার বেলা ১১টায় ‘দূরত্ব’ ও বিকেল ৩টায় ‘শ্রাবণ মেঘের দিন’, শনিবার সকাল ১১টায় ‘আগুনের পরশমনি’ ও বিকেল ৩টায় ‘দুই দুয়ারী’ এবং রোববার বেলা ১১টায় ‘শ্যামল ছায়া’ ও বিকেল ৩টায় ‘নয় নম্বর বিপদ সংকেত’ প্রদর্শিত হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ছবি দেওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। তবে জাদুঘরে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে।









