মধ্যম আয়ের দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এ বিষয়ে নিজেদের প্রায় এক কোটি তরুণ নেতা-কর্মীকে কাজে লাগাতে চায় এ সংগঠন।
এ উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন বুয়েট অডিটোরিয়াম কমপ্লেক্সে সকাল ৯ টা থেকে বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগ ছাত্র-ছাত্রীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্র-ছাত্রীদের পক্ষে ১৯ দফা দাবি ভিসি’র কাছে জানিয়েছে। এখন প্রায় সবগুলো দাবি বাস্তবায়নের পথে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওবায়দুল কাদের আগামী নির্বাচনে তরুণ ভোটারদের আকর্ষণ করার ব্যাপারে যে তাগিদ দিয়েছেন, তার জন্য কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুত।

জুলাই মাসে বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ছাত্রলীগের সম্মেলনের তেমন কোন ইঙ্গিত না থাকার বিষয়ে তিনি বলেন, আমাদের অভিভাবক শেখ হাসিনা, তিনি যখন যা বলবেন তাই হবে।
সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলকে ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানান। এছাড়া ব্রিটেনের নির্বাচনে জয়ী বাংলাদেশি তিন নারীকে ছাত্রলীগের পক্ষ থেকে তিনি অভিবাদন জানান।









