‘জাতীয় জনতা পার্টিকে’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, ইসির সচিবসহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর আকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুজিবুল হক। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে জাতীয় জনতা পার্টি। তবে দলটির নিবন্ধন আবেদন নামঞ্জুর করে ইসি। ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দলটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী গত ২০ জুলাই রিট করেন। সে রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।









