নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৫৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৫৩৯ রানে অলআউট করে ৫৬ রানের লিড নেয় টাইগাররা। নিজেদের প্রথম ইনিংস ৮ উইকেটে ৫৯৫ রানে ঘোষণা করে বাংলাদেশ।
চতুর্থ দিনে ম্যাচের নিয়ন্ত্রন নেয় টিম টাইগার। আগের দিন তিন সেশনে একটি করে উইকেট নেয়া বাংলাদেশ চতুর্থ দিন লাঞ্চের আগে তুলে নেয় ৩ উইকেট। ৩৬ ওভারে হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ল্যাথামকে হারিয়ে ১১০ রান যোগ করে নিউজিল্যান্ড।
বল হাতে নিয়েই দলকে দারুণ সাফল্য এনে দেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এক ওভারে ২ উইকেট নিয়ে দলকে লিড নেয়ার পথে নিয়ে যান তিনি।
এর আগে ৩২৯ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৭৭ রান করে সাকিবের দ্বিতীয় শিকার হন ওপেনার টম ল্যাথাম।
তবে লাথাম ফিরলেও মিচেল স্যাটনার ও বিজে ওয়াটলিং ৭৩ রানের জুটি গড়ে এগিয়ে নেন দলকে। মাহমুদুল্লাহ এক ওভারে ওয়াটলিং আর সাউদি ফিরে গেলে দলকে একাই টানেন স্যাটনার। নিল ওয়াগনারের সাথে ৩১ ও শেষ জুটিতে ট্রেন্ট বোল্টকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে বাংলাদেশের প্রথম ইনিংসের সাথে ব্যবধান কমান তিনি। নিজে আউট হন ৭৩ রানের লড়াকু ইনিংস খেলে।
টাইগারদের হয়ে কামরুল ইসলাম রাব্বি ৩টি, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাশিষ রয় দুটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ নেন একটি উইকেট।









