বিশিষ্ট লেখক, প্রকাশক এবং চলচ্চিত্র নির্মাতা আজিজ মেহের আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আজিজ মেহেরের ছেলে বিপ্লব রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
বাবার মৃত্যু সংবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে বিপ্লব লিখেছেন, ‘আজিজ মেহের ছিলেন সাবেক নকশাল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল, দেবেন শিকদার) এর সাধারণ সম্পাদক।’
সারাজীবন অনেক কৃষক আন্দোলন করেছেন, মওলানা ভাষানীর সাথে কাগমারী সম্মেলন করেছেন, সন্তোষের মহাসমাবেশ করেছেন, পাকিস্তান আমলে বহুবার জেল খেটেছেন, সবশেষ কারাবরণ করেছিলেন জেনারেল জিয়ার সামরিক শাসন আমলে।
বস্তু প্রকাশন নামে নিজের প্রকাশনী থেকে ড. আহমদ শরীফ, আরজ আলী মাতুব্বর, আনু মুহম্মদসহ অনেক বিশিষ্টজনের বই ছেপেছেন তিনি। কমিউনিস্ট আন্দোলন নিয়ে তার লেখা একটি বই ‘নিষিদ্ধ কথকথা’। ১৯৭৩ সালের চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’র প্রধান সহকারি পরিচালক ছিলেন তিনি।
তার ভাই চলচ্চিত্রকার ইবনে মিজান এবং বোন মকবুলা মনজুর দেশের একজন বিশিষ্ট লেখক ও ঔপন্যাসিক।
বাবা হারানো বিপ্লব বলেন, “আমার বাবা আপোষহীন আদর্শ আর হাজার তিনেক বই ছাড়া আর কোন সম্পদ রেখে যাননি। তাকে নিয়ে আমি গর্বিত।”









