পাঁচ টাকার নোট সরকারী মুদ্রা হিসেবে অন্তর্ভূক্ত হওয়ার পর, অর্থ সচিব মাহবুব আহমেদের সই করা পাঁচ টাকার মুদ্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করা হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ক্রেস্ট হস্তান্তর করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং অর্থ সচিব মাহবুব আহমেদ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের আইডিবি পুরস্কারের ক্রেস্টও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।
এছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ প্যাটেন্ট আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন, বিএসটিআই-২০১৬ আইন এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, বাংলাদেশ গম-ভুট্টা গবেষণা ইন্সটিটিউট আইন ২০১৬ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
কক্সবাজারের মহেশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং মালয়েশিয়ার কনসর্টিয়াম অব তেনাগা ন্যাশনাল বিরহাট এন্ড পাওয়ার টেক এনার্জির সাথে চুক্তির খসড়ার অনুমোদনও দেয়া হয়।









