কবি ও নির্মাতা টোকন ঠাকুর নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র। শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করবেন তিনি।
২০১২-১৩ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটির নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।
টোকন ঠাকুর জানিয়েছেন ‘কাঁটা’ সিনেমায় ১’শর মতো চরিত্র রয়েছে। এসব চরিত্রে বেশিরভাগ নতুন মুখ দরকার বলে জানিয়েছেন টোকন ঠাকুর।
ফেসবুকে এক স্ট্যাটাসে এ নির্মাতা নতুন মুুখ নেওয়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ১৬ থেকে ১৮ বছর, ২২ থেকে ২৪ ও ২৫ থেকে ২৭ বছরের নারী মুখ প্রয়োজন। একই সঙ্গে ২০-২৩ বছর, ২৬ থেকে ২৮ ও ৩০ থেকে ৩৫ বছর বয়সের পুরুষ অভিনেতারও প্রয়োজন।
অডিশনে আগ্রহীদের ২২ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) যোগাযোগের অনুরোধ করতে বলা হয়েছে।
টোকন ঠাকুর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা নতুন মুখের পাশাপাশি সিনেমা-মঞ্চ ও টেলিভিশনের কিছু অভিজ্ঞ শিল্পীকেও নিব।’
অডিশনের পর বাছাই করা শিল্পীদের পনেরো দিনের গ্রুমিং সেশন শেষে অক্টোবরেই নির্মাণ কাজ শুরু করবেন তিনি।









