চট্টগ্রামে প্রথম টেস্টের দল ঘোষণার দিনই সকালে মিরপুরে নতুন কোচের অধীনে জাতীয় নারী ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে। জাহানারাদের দায়িত্ব নিয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার ডেভিড ক্যাপেল।
অনুশীলন শেষে ডেভিড ক্যাপেল অবশ্য শুনিয়েছেন আশার কথা। তিনি বলেছেন: এই ক্রিকেটারদের মধ্যে ভালো করার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা আজ প্রথম দিন কাজটা ফিল্ডিং দিয়েই শুরু করেছি। আশা করি এই ক্রিকেটারদের মধ্য থেকে ভালো কিছু বের করে আনা সম্ভব হবে।
নতুন কোচ, সঙ্গে কিছু নতুন ক্রিকেটার এবং দীর্ঘ অনুশীলন। সবমিলিয়ে এবারের এশিয়া কাপে বড় কিছুই করে আসতে চায় টিম-টাইগ্রেস।
বাংলাদেশ নারী ক্রিকেট দল অধিনায়ক জাহানারা আলম অনুশীলন শেষে জানান, আজ প্রথমদিন আমরা কোচের সঙ্গে অনুশীলন করলাম। যেহেতু এশিয়া কাপকে সামনে রেখে আমাদের প্রস্তুতি শুরু করেছি-তাই আশা করছি এশিয়া কাপে আমরা ভালো কিছু করে দেখাবো। আজ প্রথমদিন ফিল্ডিং দিয়ে শুরু করেছি। সামনের দিন গুলোতে ব্যাটিং নিয়ে আমরা কাজ করবো।
২৭ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হওয়ার কথা ষষ্ঠ উইমেন্স এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।









