রাজশাহী কিংসের হয়ে অভিষেক ম্যাচে ২১ রানে পাঁচ উইকেট নিয়ে অবিস্মরণীয় পারফরম্যান্স করা আফিফ হোসেন ধ্রুবতে কুপোকাত হয়েছে চিটাগং ভাইকিংস। মূলত এই অফ স্পিনারের ঘূর্ণিতেই নয় উইকেট ১১১ রানে আটকে যায় চিটাগং। ফলে টিকে থাকার লড়াইয়ের মঞ্চে জয় পেতে হলে রাজশাহীকে করতে হবে ১১২ রান।
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর অভিষিক্ত বোলার আফিফ হোসেনের কাছেই হেরে যায় গেইল-তামিম-নবীরা। দলীয় ১ রানের সময় চিটাগংয়ের অধিনায়ক তামিম বোল্ড হলে বিপর্যয় শুরু হয়। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি।
তামিমের পর এনামুল হক বিজয়কে ফেরান মেহেদী হাসান মিরাজ। এর পরই শুরু হয় আফিফ শো। তার বোলিং ঘূর্ণিতে পথ হারিয়ে দলীয় ৮০ রানে পৌছতেই ৮ উইকেট নেই চিটাগংয়ের। এ সময় তার শিকার হয়ে গেইল ৫, জহুরুল ইসলাম ১৩, জাকির হাসান ৩, সাকলাইন সজীব ১ এবং ইমরান রান খান ০ রানে সাজঘরে ফেরেন।
ব্যাট হাতে শেষ পর্যন্ত অপরাজিত থেকে শোয়েব মালিক ৬৭ রান না করলে লজ্জায় পড়তো হতো চিটাগংকে। এছাড়া মোহাম্মদ নবী ১৩ এবং এনামুল হক ৮ রান করেন।
বল হাতে রাজশাহীর হয়ে আফিফ হোসেন একাই নেন ৫ উইকেট। কেসরিক উইলিয়ামস পান ২টি উইকেট। এছাড়া মেহেদী মিরাজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।









