দৌড়েছেন, জিতেছেনও। কিন্তু হাসি নেই বোল্টের মুখে! এমন অবাক দৃশ্যই দেখা গেছে বুধবার, চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভা গোল্ডেন স্পাইকে। যেখানে টানা দ্বিতীয়বারের মত ১০ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন সর্বকালের সেরা এই অ্যাথলেট।
আগামী আগস্টে লন্ডনে বসতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের শেষবারের মত ট্র্যাকে নামবেন টানা তিন অলিম্পিকে সোনা জয়ী গতিদানব। শেষটা স্মরণীয় করে রাখার পরিকল্পনা ‘দ্যা বোল্টের।’ তাই বুধবারের পারফরমেন্সে খুব একটা খুশি নন জ্যামাইকান মহাতারকা।
‘আমি খুশি নই। আমাকে আরও পরিশ্রম করতে হবে’ -দৌড় শেষে নিজের অসন্তুষ্টির কথা এভাবেই সামনে টেনে এনেছেন বোল্ট।
সঙ্গে ভক্তদের এখনই দুশ্চিন্তা না করতেও নিষেধ করে দিয়েছেন। অলিম্পিকে মোট ৮ সোনাজয়ী সর্বকালের সেরা অ্যাথলেট বলেছেন, ‘আমি ঠিক হয়ে যাবো। ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। কোচের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করতে হবে। সুতরাং চিন্তার কিছু নেই।’









