মালা প্রথম গেঁথেছিলেন ফুয়াদ আল মুকতাদির। তার হাত ধরে ২০০১ সালে প্রবাসী শিল্পী মালার প্রথম গানের অ্যালবাম ‘মালা’ প্রকাশ পায়। এরপর ২০১৪ সালে প্রকাশিত হয় ‘একি আজব কারখানা’ নামে তার দ্বিতীয় অ্যালবাম। সেটিরও সুর-সংগীত ফুয়াদের। মাঝে অন্যদের সুর-সংগীতে গাইলেও তেমন জমেনি। সর্বশেষ ভালোবাসা দিবসে আবার ফুয়াদ-মালা জুটি গান করেন। প্রকাশ পায় ‘যাইবা যদি যাও’। রোমান্টিক সে পর্ব পেরিয়ে এবার দেশের গানে মালা গেঁথেছেন ফুয়াদ আল মুকতাদির।
শাহান কবন্ধ এর কথায় ‘আমার বাংলাদেশ’ শিরোনামে গানের সুর ও সংগীত আয়োজন করেছেন ফুয়াদ। বিজয় দিবস উপলক্ষ্যে গানটি প্রকাশ পেয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের ব্যানারে। এর ভিডিও প্রকাশ হয়েছে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ঈগল মিউজিক ভিডিও স্টেশন’-এ। ভিডিওটি নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল। অভিনয় করেছেন মালা নিজেই।
বিজয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত গানটি সম্পর্কে মালা বলেন, ‘প্রথম বারের মত দেশের গান করার চেষ্টা করেছি। প্রবাসী বলে দেশের প্রতি ভিন্ন একরকমের টান থাকে। দুনিয়ার অনেক দেশ ঘুরেছি কিন্তু আমার দেশের মত ছন্দে আর কবিতায় ভরা এমন কোথাও খুঁজে পাইনি। এমন ভাবনা থেকেই গানটির কথা লিখেছেন শাহান। দারুন সুর করেছেন ফুয়াদ গানটি শুনলে দেশের প্রতি টান বুঝতে পারবেন নিঃসন্দেহে।’









