চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হয়েছে ‘দেশবন্ধু-চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮’। ৭ম বারের মতো আয়োজিত এই মেলার উদ্বোধন হয়েছে ৬ জানুয়ারি শনিবার সকাল ১১টা ১০ মিনিটে। প্রকৃতিতে বিশেষ অবদান রাখার জন্য এবছর সম্মাননা পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বান্দরবানের মেনঙি ম্রো।
পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত এই মেলায় প্রকৃতিবিদ, প্রকৃতিপ্রেমীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুপুরে এই সম্মাননা তুলে দেয়া হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
এবছর ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন অধ্যাপক ড. মনোয়ার হোসেন। আর ন্যাচার গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন মেনঙি ম্রো।

মেলা প্রাঙ্গণে ছিল সামুদ্রিক মাছের স্টল, হস্ত শিল্পের স্টল, জীবন্ত প্রজাপতি ঘর, পাখি নিয়ে তথ্য উপাত্ত। বিভিন্ন প্রজাতির গাছের পসরা সাজিয়ে বসেছে নার্সারি। প্রকৃতি নিয়ে গ্রামীণ ঐতিহ্যের গান পরিবেশিত হয়েছে খ্যাতিমান শিল্পীদের কণ্ঠে। গানের সঙ্গে ছিল নাচের আয়োজন। ছিল অভিনব-ক্যারেক্টার শো, ছবি প্রদর্শনী ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চারদিকে ফলদ ও বনজ গাছে চেতনা চত্বর হয়ে উঠেছিল সবুজে মোড়ানো এক টুকরো বাগান।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার পরিবেশক হিসেবে ছিল জিএম হোল্ডিংস লিমিটেড ও নূর ইকো ব্রিকস। বিকাল ৪টা পর্যন্ত এ মেলা সরাসরি প্রচার করেছে চ্যানেল আই।
ছবি: তানভীর আশিক









