বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকালেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এরই মধ্যে উত্তরায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
তবে কে বা কারা এই দুই বাসে আগুন দিয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি। বিকাল সোয়া তিনটার দিকে বুশরা ও এনা পরিবহনের বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বিমানবন্দর থানার ওসি নূর-এ আযম চ্যানেল আই অনলাইনকে বলেন, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার দায় আন্দোলনরত শিক্ষার্থীরদের ওপরই বর্তায়।
দিনভর রাজধানী মিরপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, তেজগাঁও, আজিমপুর, নিউমার্কেট, রামপুড়া ব্রিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
রোববার জাবালে নূর পরিবহনের একটি বাস রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর তুলে দেয়।
বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থালেই প্রাণ হারান শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম। এই ঘটনায় আহত হয় আরো অন্তত ১০ জন শিক্ষার্থী।










