ঢাকা ডিপ্লোমেটিক গলফ এসোসিয়েশনের দিনব্যাপী গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাবে। থাই রাষ্ট্রদূতের ‘ফেয়ারওয়েল’ আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে গলফ টুর্নামেন্ট।
টাইগার গলফ ক্লাবের সহায়তায় টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেশী বিদেশী ৭০ জন গলফার। সকালে টুর্নামেন্টের আনষ্ঠানিক উদ্বোধন করেন থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
৩ বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন থাই রাষ্ট্রদূত মাদুরা পচানা ইত্তারং। যার পছন্দের স্পোর্টস গলফ। আর তাই ইত্তারংয়ের ‘ফেয়ারওয়েল’ হিসেবে দিনব্যাপী গলফ টুর্নামেন্টের আয়োজন করে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব।
সকালে টি-অফের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইওয়ান উইরানাতা। ৭০ জন গলফারের বেশিরভাগই বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক। টুর্নামেন্টকে স্বাগত জানান কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান।
বৃষ্টিভেজা সকালে মাঠের প্রতিযোগিতায় না থাকলেও কূটনীতিকদের সহধর্মীনীদের সরব উপস্থিতি ছিলো কুর্মিটোলায়। সবশেষে আয়োজন এবং আয়োজকদের ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত।
বাংলাদেশের এবং বাংলাদেশী গলফারদের জন্যও ছিলো তার শুভকামনা। রাতে অ্যাম্বাসি অফ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।






