আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
বাংলাদেশের ইতিহাসের এই বিশেষ দিনে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন:
“টানা ন’মাস যুদ্ধ চলাকালে পশ্চিম পাকিস্তানে বন্দী-জীবন কাটানোর পর এই দিনে, ১৯৭২ সালের ১০ জানুয়ারি, জাতির জনক বঙ্গবন্ধু বিজয়ীর বেশে সদ্য শত্রুমুক্ত ও স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন।
বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য অক্লান্ত চেষ্টা করে গেছে। ওই সরকার বঙ্গবন্ধুর মুক্তিলাভকে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতার অংশ বলেই। তার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের বিজয় পূর্ণতা পেয়েছিল।”









