প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়িপাতার ডিভাইস সংযোগের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার।
এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেসে ক্ল্যাপার বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার যন্ত্র বসানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ একজন গোয়েন্দা প্রধান হিসেবে আড়িপাতার জন্য ফরেন ইন্টেলিজেন্স সারভেইল্যান্স আদালতের কোনো আদেশ থাকলে অবশ্যই তিনি জানতেন বলেও দাবি করেন ক্ল্যাপার।
ওদিকে রিপাবলিকান সিনেটর বেন সাস প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ফোনে আড়িপাতার অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন, ‘ওবামার বিরুদ্ধে প্রেসিডেন্টে ট্রাম্পের যে গুরুতর অভিযোগ, সে ব্যাপারে অবশ্যই প্রমাণ দেয়া উচিত।’ ট্রাম্প কীভাবে বিষয়টি জানলেন তাও প্রকাশ করার কথা বলেন বেন সাস।
যদিও এরআগে ট্রাম্পের অভিযোগের ব্যাপারে তদন্তের আহ্বান জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।









