দুই দফা বৃষ্টি। প্রথমবার ‘ক্ষতি’ না হলেও দ্বিতীয়বার আর রক্ষা পায়নি নিউজিল্যান্ড। বেরসিক সেই বৃষ্টি বাধায় ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি ট্রফির ফাইনালে ১৯ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে তারা। ত্রিদেশীয় এই সিরিজ জেতায় টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গেছে অজিরা।
নিউজিল্যান্ড এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে দলটি। পরে অস্ট্রেলিয়ার ইনিংসে ১৫তম ওভারে দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে খেলা শেষ ঘোষণা করা হয়। তখন অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ১২১। বৃষ্টি-আইনে যা জয়ের জন্য যথেষ্ট।
দুই ওপেনার গাপটিল এবং মুনরো ৪৮ রানের জুটি গড়েন। জুটি ভাঙে গাপটিলের বিদায়ে। ১৫ বলে ২১ রান করে স্ট্যানলেকের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দেন। ১৪ বলে ২৯ করেন মুনরো।
মিডলঅর্ডারে রস টেইলর ৩৮ বলে দুই ছয়, এক চারে ৪৩ করে অপরাজিত থাকেন।
অ্যাস্টন অ্যাগার চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে নেন টাই এবং রিচার্ডসন।
অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে সপ্তম ওভারে বৃষ্টি নামে। কিছুক্ষণ পর সেটি থেমে যাওয়ায় কার্টেল ওভারের দরকার পড়েনি।
ওপেনার ডি’আর্চি শর্ট ৩০ বলে ৫০ করে বিদায় নিলে জয়ের পথে হাঁটতে থাকে অজিরা।
৭২ থেকে ৮৪’তে যেতে যেতে শর্ট, ওয়ার্নার এবং অ্যাগার ফিরে গেলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। হাল ধরেন ম্যাক্সওয়েল এবং ফিঞ্চ। ‘মারকুটে’ ম্যাক্সওয়েল এদিন স্বভাব বিরুদ্ধ শান্ত ব্যাটিং করতে থাকেন। প্রথম ছয় হাঁকান ১৮তম বলে।
এরপর ১৫তম ওভারে আবার বৃষ্টি নামে। তখন ৩২ বলে সাত উইকেট হাতে রেখে ৩০ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেই বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকার কারণে ম্যাচ শেষ ঘোষণা করা হয়। তাতে কপাল পোড়ে নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন অ্যাস্টন অ্যাগার। সিরিজের সেরা গ্লেন ম্যাক্সওয়েল।









