গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেলের দুই আরোহী মারা গেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে আনুমানিক ২১-২২ বছর বয়সী দুই যুবক ঢাকা বাইপাস মহাসড়ক দিয়ে পূবাইল থেকে মোটর সাইকেল যোগে ভোগড়া আসছিলেন। মোটর সাইকেলটি মহাসড়কের ঝাজর এলাকায় পৌঁছালে একটি ট্রাক সজোরে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
জিএমপির বাসন থানার ওসি একেএম কাওসার আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় সনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।









