সাকিবের অনুপস্থিতি সামলাতে তিন স্পিনারের সঙ্গে এক পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার সানজামুলের অভিষেক হয়েছে। বোলারদের লড়াইয়ের মঞ্চ গড়ে দিতে এখন ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার পালা। তাতে শুরুটা দারুণ করেছে স্বাগতিকরা। টেস্টে ওয়ানডে স্টাইলে রান তুলে প্রথম ঘণ্টাতেই দলীয় সংগ্রহ ফিফটি পার করে নিয়েছেন তামিম।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের দশম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত হওয়া মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে এসে সাবলীল শুরু করে তার আস্থার প্রতিদান দেন দুই উদ্বোধনীও।
ইমরুল টেস্ট মেজাজে এগোতে থাকলেও তামিম হাত খুলে খেলেছেন। ক্যারিয়ারের ২৫তম টেস্ট ফিফটি তুলে নিতে খরচ করেছেন মাত্র ৪৬ বল। ৬ চার ও এক ছয়ে সাজানো ইনিংস নিয়ে এগোচ্ছেন বাঁহাতি ওপেনার। ইমরুল সেখানে দুইঅঙ্ক ছুঁয়ে এগোচ্ছেন।
দুদলের দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও দিনেশ চান্দিমাল, দুজনেই নিয়মিত অধিনায়কের চোটে নেতৃত্বভার সামলাচ্ছেন এ ম্যাচে। রিয়াদ সামলাচ্ছেন সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে চান্দিমাল।
তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা। চার বছর পর স্কোয়াডে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে সুযোগ পাননি। স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। স্পিন সামলাতে তাদের সঙ্গী সানজামুল।
জাতীয় দলের জার্সিতে ৩টি ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হল ২৮ বছর বয়সী সানজামুলের। ৫টি আন্তর্জাতিক উইকেট আছে তার। তবে ৬০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২২৪ ও ৭২টি লিস্ট-এ ম্যাচে ৯৪ উইকেটের মালিক তিনি।
বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হল সানজামুলের। সবশেষ গত বছরের মার্চে টেস্ট অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। এই শ্রীলঙ্কার বিপক্ষেই। নিজেদের শততম টেস্টে। লঙ্কার মাটিতে সেই টেস্টটি জিতেছিল লাল-সবুজরা।
অন্যদিকে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে দিলরুয়ান পেরেরা ও লাকসান সান্দাকানকে নিয়ে স্পিন আক্রমণ সাজিয়েছে শ্রীলঙ্কা। আর দুই পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু কুমারাকে নিয়ে পূর্ণ করেছে বোলিং আক্রমণ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদেী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।









