টুইংকেল খান্নার প্রযোজিত ‘প্যাড ম্যান’ ছবির শুটিং শুরু হয়েছে। এটাই তার প্রথম প্রযোজনা। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার, সোনম কাপুর এবং রাধিকা আপ্তে। ছবির শুটিংয়ের প্রথম দিন অক্ষয় তার স্ত্রী টুইংকেলকে শুভ কামনা জানিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেন। ছবিতে এই দম্পতিকে হাতে হাত ধরা অবস্থায় দেখা যায়। ‘প্যাড ম্যান’ ছবির শুটিংয়ের ফাঁকে তোলা হয়েছে ছবিটি। ঝলমলে রোদে নদীর ঘাটে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন এই জুটি।
টুইটারে অক্ষয় লিখেছেন, ‘নতুন যাত্রা শুরু হলো “প্যাড ম্যান” ছবির প্রযোজক টুইংকেলের সাথে। পরিচালনা করছেন আর. বালকি। বরাবরের মতো আপনাদের ভালোবাসা প্রয়োজন।’
কিছুক্ষণ পরই টুইংকেল খান্না ফিরতি টুইট করেছেন এবং ‘প্যাড ম্যান’ ছবির শুটিং শুরু হওয়ার বিষয়ে লিখেছেন, ‘অবশেষে শুরু হলো।’

ভারতের তামিলনাড়ু রাজ্যের অরুনাচালাম মুরুগানাথাম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাস্তব জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। অরুনাচালাম মুরুগানাথামকে ভারতে ‘প্যাড ম্যান’ বলা হয়। কারণ নিম্নবিত্ত নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্যানিটারি প্যাড তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন তিনি।
মধ্য প্রদেশের একটি গ্রামে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারে এখনো জানাননি কর্তৃপক্ষ। বলিউড হাঙ্গামা।










