নতুন ফুটবল কোচ টম সেইন্ট ফিটের সঙ্গে দুই মাসের জন্য আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই প্লে-অফের দ্বিতীয় পর্বে ভূটানকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া।
একইদিন প্রথম বারের মতো কোন বিদেশী নিয়োগ পেয়েছে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে। আগামী ২ বছরের জন্য ফুটবলের সার্বিক উন্নয়নে কাজ করবেন পল স্মলি।
এশিয়ান কাপ বাছাইপর্বের ২য় প্লে-অফকে সামনে রেখে তৈরি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। চলমান বিপিএল থেকে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াডে কোচ টম সেইন্ট ফিট যোগ করেছেন নতুন ১৭ জন খেলোয়াড়কে।
এতদিন মৌখিক ভাবে দায়িত্ব পালন করলেও এবার আনুষ্ঠানিক ভাবেই ২ মাসের চুক্তি করলেন এই বেলজিয়ান। সফল হলে বাড়বে চুক্তির মেয়াদ। কালই দলের সঙ্গে যোগ দেবেন নেদারল্যান্ডেসের ফিটনেস ট্রেইনার ও সাউথ আফ্রিকার গোলকিপিং কোচ।
একই দিনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন ব্রিটেনের পল স্মলি। ফিফার আইন অনুযায়ী বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করবেন তিনি।
জাতীয় দলের জন্য নানামুখি প্রস্তুতির মধ্যে ২৭ আগস্ট ৬ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা। প্রতিপক্ষদের কঠিন জেনেই মাঠে নামবে কিশারী দল। উদ্ধোধনী দিন বিকেল ৬টায় শক্তিশালী ইরানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।









